শিরোনাম

ধর্মমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা সংবাদদাতা
ধর্মমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংবাদদাতা

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ হয়।

এ সময় সৌহার্দ্যপূর্ণ বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

আলোচনায় ধর্মীয় বিষয়ক ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং গভীরতর পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

তারা ধর্মীয় সেবাকে আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ধর্মভিত্তিক শিক্ষা ও সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ নিয়ে মতবিনিময় করেন।

উভয় পক্ষ অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, মূল্যবোধ এবং আধ্যাত্মিক অগ্রগতির লক্ষ্যে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

/এসআর/