শিরোনাম

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন আছে। এ বিষয়ে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন আছে। সেটা গুঞ্জনই। উনি পদত্যাগ করবেন কি না, সেটা তাকে জিজ্ঞেস করতে হবে। তার পদত্যাগ করার অপশন আছে। এতে সরকারের তো কিছু করার নেই। পদত্যাগ করলে সেটা স্পিকার দেখবেন।

বঙ্গভবন সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নিজে তার অধস্তন কর্মীদের শিগগিরই বঙ্গভবন ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন। চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন।

এদিকে, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটা নিয়ে চলছে জোর আলোচনা। সাংবাদিক জুলকারনাইন শায়ের সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে দাবি করেন, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোন শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

যদিও এর আগে এ পদের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খানসহ কয়েকজনের নাম আলোচনায় ছিল।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নতুন রাষ্ট্রপতির মেয়াদেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ফলে কে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন, তা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

/এসবি/