শিরোনাম

অর্থমন্ত্রী আমির খসরু অসুস্থ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অর্থমন্ত্রী আমির খসরু অসুস্থ
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

অসুস্থ বোধ করায় কয়েকটি পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ সেলিম এ তথ্য জানান।

তিনি বলেন, কয়েক দিন ধরে মন্ত্রীর কাশি ছিল। গত দুই দিন ধরে তা কিছুটা বেড়েছে। এ কারণে তিনি অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধ নিচ্ছেন। শারীরিকভাবে কিছুটা দুর্বলও বোধ করছেন।

রবিবার বিকালে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ কার্যকালের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল। তবে অসুস্থতার কারণে তিনি সেখানে যেতে পারেননি।

এ ছাড়া রবিবার রাতে তার আরও কয়েকটি পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। সেগুলোও বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

সোমবারের কর্মসূচিগুলোতেও তিনি অংশ নেবেন কি না জানতে চাইলে মোহাম্মদ সেলিম বলেন, মন্ত্রীর সোমবার দু-একটি কর্মসূচি রয়েছে। সেগুলোতে তিনি যেতে পারেন।

তিনি আরও জানান, বাসায় চিকিৎসা নেওয়ার পর বর্তমানে মন্ত্রী আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন।

এর আগে গত ১ মার্চ অসুস্থ বোধ করায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

/এমআর/