শিরোনাম

রানা প্লাজার মামলা পরিচালনায় তদারকি কমিটি গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক
রানা প্লাজার মামলা পরিচালনায় তদারকি কমিটি গঠনের দাবি
রানা প্লাজা নিয়ে আলোচনা সভায় শ্রমিক সংগঠনের নেতারা। ছবি: সিটিজেন জার্নাল

রানা প্লাজা ধসের ঘটনায় দায়ীদের বিচারের প্রক্রিয়া দ্রুত শেষ করতে একটি সম্মিলিত তদারকি কমিটি গঠনের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনের নেতারা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) উদ্যোগে আয়োজিত ‘রানা প্লাজা ধসের ১৩ বছর: পোশাক শিল্পে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বর্তমান অবস্থা’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ওয়ার্কার্স রিসোর্স সেন্টারের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, ‘রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের মৃত্যুকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। প্রায় ১ হাজার ১৩৭ জন মানুষ নিহত হয়েছেন এবং আড়াই হাজার মানুষ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। কিন্তু কোনো মালিক মারা যায় না, মারা যায় শুধু শ্রমিকরা। তারা কাজ করতে যায়, কিন্তু অনেকেই লাশ হয়ে ফিরে আসে ‘

তিনি আরও বলেন, ‘রানা প্লাজার মামলা পরিচালনায় একটি সম্মিলিত তদারকি কমিটি গঠন করা প্রয়োজন, যাতে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যায়।’

আইবিসির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘দ্রুত একটি তদারকি কমিটি গঠন করতে হবে। এছাড়া ফ্যাক্টরি বা গার্মেন্টসে কাজে এসে কোনো শ্রমিক যেন মৃত্যুবরণ না করে, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।

এ সময় ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক এবং আইবিসির নারী বিষয়ক সম্পাদক চায়না রহমান রানা প্লাজার মালিক রানা ও সংশ্লিষ্ট সবার বিচারের দাবি জানান।

আইবিসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও অনেক শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।

/এফআর/