চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তার পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তার পদে রদবদল
বাংলাদেশ পুলিশের লোগো

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ পুলিশের চার কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করেছে সরকার।

রবিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক।

অন্যদিকে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

/এমআর/