শিরোনাম

সশস্ত্র বাহিনীতে ফিরলেন কারা মহাপরিদর্শক

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সশস্ত্র বাহিনীতে ফিরলেন কারা মহাপরিদর্শক
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবাসন করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককেও সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার স্থলে কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এসব তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্ব ও প্রত্যাবাসনের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক পদে তার প্রেষণ থেকে প্রত্যাহার করে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তবে বুধবার রাত পর্যন্ত কারা অধিদপ্তরের মহাপরিদর্শক পদে নতুন কাউকে নিয়োগ বা দায়িত্ব দেওয়া হয়নি।

কারা অধিদপ্তর সূত্র জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিরক্ষা শাখার উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনের নিয়োগ অনুমোদন করেছে সরকার। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে মঙ্গলবার কারা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজি প্রিজন জানিয়েছিলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ২ হাজার ২৪৭ বন্দী পালিয়ে যায়। তাদের মধ্যে ৬৯০ জন এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। বিশেষ করে নরসিংদী কারাগার থেকে পালানো ১৬৬ বন্দীর কোনো সন্ধান পাওয়া যায়নি। পলাতক বন্দীদের মধ্যে তিনজন ‘জঙ্গি’ রয়েছেন বলেও তিনি জানিয়েছিলেন।

তার বদলির আদেশের পর বুধবার সন্ধ্যায় কারা অধিদপ্তরের মিডিয়া সেল থেকে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী আইজি প্রিজনকে সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবাসন করা হয়েছে। এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ওই বছরের ১১ আগস্ট ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনকে প্রেষণে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার।

অন্যদিকে কোস্ট গার্ডের মহাপরিচালক পদেও পরিবর্তন আনা হয়েছে। রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে তার বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক পদে ন্যস্ত করার কথা জানানো হয়েছে। তিনিও বুধবার থেকেই নতুন দায়িত্বে যোগ দেবেন।

/এমআর/