শিরোনাম

পাকিস্তান ও চীনের ৮টি স্কিন ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি: বিএসটিআই

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
পাকিস্তান ও চীনের ৮টি স্কিন ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি: বিএসটিআই
৮টি স্কিন ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত হয়েছে। গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত হওয়ায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রয়-বিতরণ, মজুদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই। এর মধ্যে ৭টি পাকিস্তানের এবং একটি চীনের ক্রিম রয়েছে। মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থাকায় জনসাধারণকে এসব পণ্য ব্যবহার থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসটিআই জানায়, দেশের বাজারে ইদানীং বিভিন্ন রং ফর্সাকারী ক্রিম পাওয়া যাচ্ছে যা বৈধভাবে আমদানি করা হয় না। লাগেজ বা বিভিন্ন চোরাই পথে এগুলো দেশে প্রবেশ করছে। বাজার থেকে সংগ্রহ করা এমন রং ফর্সাকারী ক্রিম বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অত্যন্ত বিপজ্জনক মাত্রার মার্কারি শনাক্ত হয়েছে। এসব পণ্যে মার্কারির উপস্থিতি বাংলাদেশ মান (বিডিএস ১৩৮২) অনুযায়ী নির্ধারিত সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ১ দশমিক ০০ (এক) পিপিএমের বহু গুণ বেশি পাওয়া গেছে।

এসব ক্রিমের মধ্যে পাকিস্তানের ৭টি ক্রিম রয়েছে। এগুলো হলো– এসজে এন্টারপ্রাইজের চাঁদনি হোয়াটেনিং ক্রিম (১২০ দশমিক ৩৯ পিপিএম), কিউসিআই কোম্পানির নিউ ফেস বিউটি ক্রিম (৪৪ দশমিক ৭২ পিপিএম), লোয়া ইন্টারন্যাশনালের নাভিয়া বিউটি ক্রিম (৫৯ দশমিক ৮২ পিপিএম) ও নাভিয়া হোয়াটেনিং ক্রিম (৭৯ দশমিক ৭০ পিপিএম), নুর এন্টাপ্রাইজজের নুর হোয়াটেনিং ক্রিম (৮২ দশমিক ৭৬ পিপিএম), ক্রিয়েটিভ কসমেটিকসের ডিউ বিউটি ক্রিম (১২৩ দশমিক ৩৭ পিপিএম) এবং গৌরি কসমেটিকস প্রাইভেট লিমিটেডের গৌরি বিউটি ক্রিম (৫৬ দশমিক ৯৩ পিপিএম)। এছাড়া চীনের জিএলডিজেবি (হারবিন) কসমেটিকস কোম্পানি লিমিটেডের ন্যাচারাল পার্ল স্ক্রিন ক্রিমে ৬৭ দশমিক ৪৯ পিপিএম মার্কারির উপস্থিতি শনাক্ত হয়েছে।

বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। যেকোনো প্রতিষ্ঠান ক্ষতিকর উপাদানযুক্ত প্রসাধনী উৎপাদন, আমদানি বা বাজারজাত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি অজ্ঞাত বা অনুমোদনবিহীন ত্বক ফর্সাকারী ক্রিম ক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকা, প্রসাধনী ক্রয়ের আগে অবশ্যই বিএসটিআইয়ের অনুমোদন ও পণ্যের বৈধতা যাচাই করা এবং সন্দেহজনক কোনো পণ্য সম্পর্কে তথ্য থাকলে বিএসটিআইকে জানানোরও অনুরোধ জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন মার্কারিযুক্ত স্কিন ক্রিম ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক সুরক্ষা নষ্ট হওয়ার পাশাপাশি ত্বক পাতলা হয়ে যাওয়া, স্থায়ী দাগ, অ্যালার্জি, কিডনির ক্ষতি, স্নায়ুতন্ত্রের জটিলতা এবং গর্ভবতী নারীর ক্ষেত্রে অনাগত শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

/এফসি/