থানা-হাসপাতালে আগুন দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
থানা-হাসপাতালে আগুন দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামি ইজতেমায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

গোপালগঞ্জে থানা, হাসপাতাল ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে দেশে অগ্নিসংযোগ ও নাশকতা চালানোর উসকানি দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামি ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে আগুন দিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে দেশে আগুন লাগানোর নির্দেশ দেওয়া হচ্ছে। দেশের ভেতরে লুকিয়ে থাকা তাদের নেতা-কর্মীদেরও এ কাজে ইন্ধন ও উসকানি দেওয়া হচ্ছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া বিএনপির স্থানীয় দুই সংসদ সদস্যের বাড়ি এবং একজন সংসদ সদস্যের মালিকানাধীন হাসপাতালেও আগুন দেওয়া হয়।

শিল্পাঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। এরপরও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদেরও চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তারা আবারও অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে। অতীতে তাদের কর্মকাণ্ডের ইতিহাস সবার জানা। দেশে এ ধরনের নাশকতার চেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও বিতর্ক থাকতে পারে। তবে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে অতীতে যেভাবে গণতান্ত্রিক ঐক্য গড়ে উঠেছিল, আবারও সেভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এর মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

ধর্মীয় ও জাতিগত সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ একসঙ্গে বসবাস করছেন। এতে কোনো সমস্যা নেই। সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে এ দেশের সমান নাগরিক হিসেবে বসবাস করছেন। নাগরিক হিসেবে সবার অধিকার সমান।

খতমে নবুওয়াত সম্মেলনের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আলেম-ওলামাদের পক্ষ থেকে আগে যেসব দাবি জানানো হয়েছিল, সেগুলো এখনো রয়েছে। আইন অনুযায়ী সেসব দাবি বাস্তবায়নের চেষ্টা করা হবে। যেসব দাবি বাস্তবায়ন করা সম্ভব, তা সবাইকে সঙ্গে নিয়েই করা হবে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল হামিদ মধুপুর পীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দ নুর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।

তিন দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনে আজ শুক্রবার ওয়াজ মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আলেম-ওলামারা অংশ নেন।

/এমআর/