শিরোনাম

বাংলাদেশ-ভারত পুনরায় রেল চালু নিয়ে যা বললেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-ভারত পুনরায় রেল চালু নিয়ে যা বললেন রেলমন্ত্রী
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে। বিষয়টি নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় মূল্যায়ন চলছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

শেখ রবিউল আলম বলেন, রেল খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে সরকার গুরুত্বসহকারে কাজ করছে। বাংলাদেশ-ভারত রেলযোগাযোগ পুনরায় চালুর ক্ষেত্রে দেশের স্বার্থ, যাত্রী-সুবিধা এবং কারিগরি বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি বলেন, অতীতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতার কারণে অনেক স্থানে রেললাইন নির্মাণ শেষ হলেও ইঞ্জিন ও বগির অভাবে ট্রেন চালু করা সম্ভব হয়নি। এসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের ভেতরেই ইঞ্জিন ও বগি তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে টেন্ডার প্রক্রিয়া সহজ ও সমন্বিত করে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

রেলমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে যাত্রার সময় কমানো, যাত্রীসেবার মান উন্নয়ন এবং ঈদকেন্দ্রিক টিকিট ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

/জেএইচ/