শিরোনাম

মধ্যপ্রাচ্যে ইউএস-বাংলার ফ্লাইট শুরু

নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে ইউএস-বাংলার ফ্লাইট শুরু
সৌদি আরব ও ওমানে আংশিকভাবে ফ্লাইট চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে সৌদি আরব ও ওমানে আংশিকভাবে ফ্লাইট চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। রবিবার (১ মার্চ) থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্মানিত যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিমানবন্দরে এসে ইউএস-বাংলার চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করতে বলা হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ এবং কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এসব গন্তব্যে ফ্লাইট পরিচালনার উপযোগী পরিস্থিতি তৈরি হলে যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা দেখা দিলে বিভিন্ন দেশ সাময়িকভাবে আকাশপথ বন্ধ ঘোষণা করে। ওই পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ একাধিক দেশি-বিদেশি এয়ারলাইনস ফ্লাইট স্থগিত করে। ফলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন গন্তব্যে হাজারো যাত্রী আটকা পড়েন।

সাম্প্রতিক পরিস্থিতির উন্নতির কারণে ইউএস-বাংলা সৌদি আরব ও ওমানগামী ফ্লাইট পুনরায় চালু করলেও আরব আমিরাত ও কাতারগামী ফ্লাইট এখনো বন্ধ রয়েছে।

ফ্লাইটসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের কল সেন্টার নম্বর ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ এ যোগাযোগ করতে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।

/এসএ/