শিরোনাম

ঈদযাত্রা: কাঞ্চন ব্রিজ-বছিলা থেকে চলবে লঞ্চ

নিজস্ব প্রতিবেদক
ঈদযাত্রা: কাঞ্চন ব্রিজ-বছিলা থেকে চলবে লঞ্চ
ছবি: সিটিজেন জার্নাল

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে নগরবাসী। এদিকে, ঘরমুখো যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে কাঞ্চন ব্রিজ-বছিলা থেকে লঞ্চ চলাচল করবে।

শনিবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে একাধিক বিশেষ নৌরুটে লঞ্চ চলাচল করবে। একইসঙ্গে ঈদকে কেন্দ্র করে যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন ও বাল্কহেড চলাচলে সাময়িক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ঈদযাত্রা নিরাপদ রাখতে সদরঘাট থেকে ঈদের আগের পাঁচ দিন সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। একইসঙ্গে ঈদের পরবর্তী পাঁচ দিন দেশের অন্যান্য নদীবন্দর থেকে সদরঘাটগামী যাত্রীবাহী নৌযানেও মালামাল বহন নিষিদ্ধ থাকবে। এছাড়া শনিবার থেকে আগামী ২ জুন পর্যন্ত দিন-রাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নৌকা বা ট্রলার থেকে লঞ্চে ওঠানামা না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে দুর্ঘটনা এড়াতে বাস থেকে নেমে পায়ে হেঁটে ফেরিতে ওঠার আহ্বান জানানো হয়।

এছাড়া, জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩ ছাড়াও জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১ এবং নৌপুলিশের ০১৭৬৯-৭০২২১৫ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

/এসবি/