শিরোনাম

ঈদে বিশেষ লঞ্চ সার্ভিস ২৫ মে শুরু, বেড়েছে ভাড়া

শেখ শাহরিয়ার হোসেন
ঈদে বিশেষ লঞ্চ সার্ভিস ২৫ মে শুরু, বেড়েছে ভাড়া

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ব্যস্ত হয়ে উঠেছে নৌপথ। বিশেষ করে ঢাকা-বরিশাল নৌরুটে যাত্রীচাপ সামলাতে আগামী ২৫ মে থেকে চালু হচ্ছে বিশেষ ঈদ লঞ্চ সার্ভিস। ইতোমধ্যে বিলাসবহুল লঞ্চগুলোর কেবিন টিকিট বিক্রি শুরু হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে লঞ্চের সব শ্রেণির ভাড়া।

সোমবার (১৮ মে) সরেজমিনে রাজধানীর সদরঘাট টার্মিনাল ঘুরে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে প্রতিদিন শতাধিক বেসরকারি লঞ্চ চলাচল করছে। এসব লঞ্চে প্রায় ১০ হাজার ভিআইপি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিন রয়েছে। ঈদে যাত্রীসংখ্যা বাড়তে থাকায় এখন থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ।

যাত্রীরা জানান, সড়কপথের যানজট ও ভোগান্তি এড়াতে অনেকেই পরিবার নিয়ে নৌপথে বাড়ি ফিরতে আগ্রহী। সম্ভাব্য চাপ বিবেচনায় অনেকে আগেভাগেই টিকিট সংগ্রহ করছেন। তাদের প্রত্যাশা, নিরাপদ ও আরামদায়ক যাত্রার মাধ্যমে নির্বিঘ্নে স্বজনদের কাছে পৌঁছানো।

লঞ্চ মালিকরা জানান, আগামী ২৫ থেকে ২৭ মে পর্যন্ত নৌপথে সবচেয়ে বেশি যাত্রীচাপ থাকবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলগামী রুটগুলোতে ঘরমুখো মানুষের ভিড় কয়েকগুণ বাড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে চাহিদা অনুযায়ী অতিরিক্ত লঞ্চ পরিচালনার প্রস্তুতি রাখা হয়েছে। একইসঙ্গে নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে লঞ্চগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, অতিরিক্ত যাত্রী বহন নিয়ন্ত্রণ এবং নিয়মিত তদারকি করা হচ্ছে।

নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের দাবি, কোরবানির ঈদে সাধারণত রোজার ঈদের তুলনায় যাত্রীচাপ কিছুটা কম থাকে। তবে ২৫ থেকে ২৭ মে ঘরমুখো এবং ঈদের পর রাজধানীতে ফেরার সময়ও যাত্রীচাপ বাড়তে পারে। এ কারণে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

এমভি তাসরিফ লঞ্চের বুকিং কর্মকর্তারা জানান, ঈদযাত্রাকে সামনে রেখে গত সপ্তাহ থেকেই আগ্রহী যাত্রীদের নাম নিবন্ধন শুরু হয়েছিল। এর ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল থেকেই কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। বিশেষ করে ২৬ ও ২৭ মে‘র টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।

পারাবাত-১২ এর ম্যানেজার এনামুল হোসেন বলেন, আগামী ২২ মে থেকে ২৭ মে পর্যন্ত বিশেষ ঈদ সার্ভিস চালু থাকবে। ঈদ উপলক্ষে ভাড়ায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ডেক ভাড়া ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা, সিঙ্গেল কেবিন ১২০০ থেকে ১৪০০ টাকা এবং ডাবল কেবিন ২৪০০ থেকে ২৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, বৈরী আবহাওয়া ও ঝড়ের মৌসুম বিবেচনায় এবার ঈদযাত্রায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত যাত্রী বহন বন্ধ রাখা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট নিশ্চিত করা এবং বিধিনিষেধ মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ছোট নৌকায় যাত্রী পারাপারের মাধ্যমে লঞ্চে ওঠানোর ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। আশঅ করি এতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যাবে।

/এফআর/