শিরোনাম

কাল থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু

সিটিজেন ডেস্ক
কাল থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু
প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু কাল থেকে। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

শিক্ষকদের তীব্র অসন্তোষ ও সমালোচনার মুখে অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী শনিবার (২৩ মে) থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর ফলে বৃহস্পতিবারের (২১ মে) পর প্রাথমিক বিদ্যালয়ে আর কোনো কর্মদিবস থাকছে না এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে শুক্রবার (২২ মে) থেকেই শিক্ষক-শিক্ষার্থীরা ঈদের আমেজে যাচ্ছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এর আগে বৃহস্পতিবার (২১ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে ২৩ ও ২৪ মে বিদ্যালয় খোলা রাখার ইঙ্গিত দেওয়া হলে মাঠপর্যায়ে চরম বিভ্রান্তি তৈরি হয়। বিভিন্ন জেলার শিক্ষা কর্মকর্তারা ভিন্ন ভিন্ন নির্দেশনা দেওয়ায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। মূলত এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বিবেচনা করেই মন্ত্রণালয় শনিবার থেকে ছুটি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এর ফলে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পৌনে চার লাখ শিক্ষক এবং এক কোটি কোমলমতি শিক্ষার্থী দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন।

/এমএকে/