শিরোনাম

স্বাধীনতা দিবস: বাংলাদেশকে বিভিন্ন দেশের শুভেচ্ছা

সিটিজেন ডেস্ক
স্বাধীনতা দিবস: বাংলাদেশকে বিভিন্ন দেশের শুভেচ্ছা
জাতীয় স্মৃতিসৌধে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশন শুভেচ্ছা জানিয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) পৃথক বার্তায় যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, ফ্রান্স, কানাডা, সুইজারল্যান্ড, নেপাল ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের মিশন বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায়।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তার বার্তায় বলেন, স্বাধীনতা বার্ষিকীতে বাংলাদেশের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

ভারতীয় হাইকমিশন সংক্ষিপ্ত বার্তায় জানায়, বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপনে অংশ নেন। তিনি বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। তিনি বলেন, এ উপস্থিতি দিনটির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ফ্রান্স ও বাংলাদেশের সম্পর্কের প্রতিফলন।

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই। এই উপলক্ষে আমরা আমাদের কৌশলগত অংশীদারত্বকে ভিত্তি করে গড়ে ওঠা বন্ধুত্বের দৃঢ় বন্ধন উদযাপন করি।

কানাডিয়ান হাইকমিশন তাদের বার্তায় জানায়, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে কানাডা গর্বিত। তারা দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক উল্লেখ করে আরও অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে।

সুইজারল্যান্ড দূতাবাস বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে জানায়, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠা দীর্ঘদিনের অংশীদারত্বকে তারা বিশেষ গুরুত্ব দেয়। একই সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়

ইন্দোনেশিয়া দূতাবাস তাদের বার্তায় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ করে জানায়, এ দিনটি যেন জাতির জন্য ঐক্য, সহনশীলতা ও সমৃদ্ধির অনুপ্রেরণা হয়ে থাকে

নেপাল দূতাবাসও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা ও জাতীয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে।

/এসএ/