শিরোনাম

প্রিপেইড মিটারে থাকছে না মাসিক চার্জ

নিজস্ব প্রতিবেদক
প্রিপেইড মিটারে থাকছে না মাসিক চার্জ
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটাতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রবিবার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। দায়িত্ব নেওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে পরিশোধ করতে হয়। দীর্ঘদিন ধরে এ ব্যবস্থা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন অনেক গ্রাহক।

ভুক্তভোগীদের অভিযোগ ছিল, বছরের পর বছর ধরে এই চার্জ কেটে নেওয়া হচ্ছে, অথচ মিটারের মূল দাম অনেক আগেই উঠে গেছে। তবুও কেন এই অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে– এ নিয়ে প্রশ্ন ছিল।

বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার কেনাকাটায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে যে আর্থিক চাপ তৈরি হয়েছিল, তা গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার সেই চাপ কমাতে এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা আনতে কাজ করছে।

/এসএ/