শিরোনাম

সংসদে সেই ভাইরাল ডায়লগ দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সংসদে সেই ভাইরাল ডায়লগ দিলেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: ভিডিও থেকে নেওয়া

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, তোমরা কেমন আছো? ঠিকমতো লেখাপড়া করছো তো? মনে রাখবে, লেখাপড়া করতেই হবে। এখন থেকে আর নকল বা কোনো অনৈতিক পথ চলবে না।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আজকের দিনে কিছু কিছু পাপের কথা উঠলেই কোথাও কোথাও বিশেষ প্রতিক্রিয়া দেখা দেয়। আমরা দেখেছি কারো কারো শরীরে জ্বালা ধরে। কিন্তু কেউ কেউ শুনতে না চাইলেও আমরা কি পাপের কথা ভুলে যাব? চাইলে কি সব ভুলে যায়? আমরা সবাই জানি কিছু পাপ আছে যার কোন ক্ষমা হয় না। যদিও না ক্ষতিগ্রস্তরা ক্ষমা না করে দেন। যেটা আমাদের পবিত্র কোরআন শরীফেও রয়েছে।

তিনি বলেন, আমরা বাস্তবতায় অনেক সময় অনেক কিছু মেনে নেই, অপেক্ষা করি, হজম করি এবং কম্প্রোমাইজ করি। কিন্তু তাই বলে পাপ কি কখনো মুছে যায়? উত্তর একটাই। পাপ কখনো মুছে যায় না। সত্যটা হলো এই জাতির ইতিহাসে সবচেয়ে বড় পাপের ঘটনাটি ঘটেছিল ১৯৭১ সালে। ৫৪ বছর পরেও জাতি তা ভুলে যায়নি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি আজকের এই মহান সংসদে আমরা এসছি সুতরাং এই পাপের কথা আমরা ভুলে যাব না বরং প্রজন্ম থেকে প্রজন্ম আমরা এই পাপের কথা বলেই যাব।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে অতীতের যেকোনো সংসদের চেয়ে এই সংসদ ইউনিক এবং এক্সক্লুসিভ। মহান জুলাই অভ্যুত্থানে শহীদের রক্তদানের মধ্য দিয়ে জনগণের ভোটের প্রতিনিধিত্বকারী এই সংসদ সৃষ্টি হয়েছে। এটি দেশের অত্যন্ত উচ্চমূল্যের একটি পার্লামেন্ট।

এহসানুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশমাতা বেগম খালেদা জিয়া এ দেশে শিক্ষা ও নারী শিক্ষার বিপ্লব এনেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন। আমাদের পরিকল্পনা হলো, ওয়ান টিচার ওয়ান ট্যাব, ফ্রি ওয়াইফাই এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম নিশ্চিত করা।

তিনি বলেন, বিনামূল্যে স্কুলের ড্রেস, স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি, প্রাথমিক শিক্ষায় মিড-ডে মিল এবং বৈষম্য নিরসনে সরকার কাজ করে যাচ্ছে। ১৯৯২ সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চশিক্ষায় পরিবর্তন এসেছিল, বর্তমান প্রধানমন্ত্রীও সেই পথেই জাতিকে এগিয়ে নিচ্ছেন।

/এসবি/