শিরোনাম

স্পট মার্কেট থেকে আরও ৩ কার্গো এলএনজি কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
স্পট মার্কেট থেকে আরও ৩ কার্গো এলএনজি কিনবে সরকার
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় স্পট মার্কেট থেকে আরও ৩ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার। এর মধ্যে দুটি কার্গো দক্ষিণ কোরিয়ার কোম্পানি থেকে এবং একটি যুক্তরাজ্যের কোম্পানি থেকে কেনা হচ্ছে।

বুধবার (১১ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এলএনজি কেনার এই প্রস্তাবে সায় দেয় বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগেও স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি কিনেছে সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চলতি মাসের শুরুতে দেশের জ্বালানি মজুদ সম্পর্কে প্রধানমন্ত্রীকে সর্বশেষ পরিস্থিতি জানায় জ্বালানি বিভাগ। তখন তিনি এ নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে চলতি মাসেই স্পট মার্কেট থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত নেয় জ্বালানি বিভাগ।

ক্রয় কমিটির বৈঠকটি অনলাইন প্লাটফর্ম জুমে হওয়ায় নিয়মতান্ত্রিকভাবে অর্থমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিং করার কথা থাকলেও তা করেননি। পরে অর্থ মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তি দিয়ে ৩ কার্গো এলএনজি কেনার বিষয়ে ক্রয় কমিটির সায় দেওয়ার কথা জানায়।

এদিন ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রান তেল, ১ কোটি ৩০ লাখ লিটার পরিশোধিত পাম অলিন ও ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের গ্যাসভিত্তিক সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনায় সায় মেলে ক্রয় কমিটির।

গত শুক্রবার (৬ মার্চ) রাতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, সংকট মোকাবিলায় দুই কার্গো এলএনজি কেনা হয়েছে। এর একটি দ্বিগুণের কাছাকাছি, আরেকটি কার্গো দ্বিগুণের বেশি দামে কিনতে হয়েছে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গানভোর গ্রুপ থেকে একটি এবং ভিটলের কাছ থেকে আরেকটি এলএনজি কার্গো কেনা হয়েছে। আগামী ১৫ অথবা ১৬ মার্চ এক কার্গো এবং ১৮ মার্চ আরেকটি কার্গো আসার কথা।

/এফসি/