শিরোনাম

দুই বছরে ২২৭ কারাবন্দির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দুই বছরে ২২৭ কারাবন্দির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভবন

দেশে গত দুই বছরে কারাবন্দি অবস্থায় ২২৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী অধিকাংশই হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সোমবার (২০ জুলাই) গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি বলেন, অধিকাংশ মৃত্যুই কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া) থেকে। মাদকসেবী বন্দি যারা আসেন, তারা এখানে মাদক না পাওয়ার একটা বিষয় আছে। আর অনেকেই এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পারায় ডিপ্রেশনে বা ট্রমাটাইজড হয়ে পড়েন। এসব কারণে তারা ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়ে মৃত্যুবরণ করেন। তাছাড়া চিকিৎসক সংকটও আমাদের বড় সমস্যা।

মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের ৬ জুলাই পর্যন্ত দেশে ২২৭ জন কারাবন্দি এবং ৩০ জন পুলিশ হেফাজতে মারা গেছেন। কারাগারে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীও রয়েছেন।

অন্যদিকে, আইন ও শালিস কেন্দ্র (আসক) জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তাদের নথিভুক্ত তথ্যে ১৯০ জন কারাবন্দির মৃত্যু হয়েছে। একই সময়ে গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগে মৃত্যুর ঘটনাও তারা লিপিবদ্ধ করেছে। তবে তাদের প্রতিবেদনে মৃত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি।

কারা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মোট ৩৪২ জন বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ১৮৯ জন, ২০২৫ সালে ১৩৬ জন এবং ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। তুলনামূলকভাবে ২০২৩ সালে কারাগারে ২৩২ জন বন্দির মৃত্যু হয়েছিল।

পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, পুলিশ হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনা তদন্ত করা হয় এবং এ ধরনের ঘটনায় পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। কোনো সদস্যের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

/এসবি/