ডিসেম্বর ঘিরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ঘিরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের তৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন সচল রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। এ সময় শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে জড়িত বলে সরকার মনে করে না। শ্রমিকদের মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের মাধ্যমে মজুরি নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনমান কীভাবে উন্নত করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে কারখানার মালিকদের উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সরকার, যাতে রপ্তানি খাতে কোনো সংকট তৈরি না হয়। শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে কারখানা পরিচালনার পরামর্শও দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু মালিক হয়তো হঠাৎ করে কারখানা বন্ধ রেখেছেন। তবে ভবিষ্যতে এভাবে কারখানা বন্ধ না রাখার প্রত্যাশা করছে সরকার।

মজুরি বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, বোর্ডের চেয়ারম্যান শ্রমিকদের মজুরি নির্ধারণে আলোচনা ও প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে প্রধানমন্ত্রী বোর্ডকে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৈঠকে পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এদিকে সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী। তিনি জানান, সরকার আগে থেকেই সংবাদমাধ্যম, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় মজুরি বোর্ড গঠনের বিষয়টি জানিয়েছিল। এরপরও শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকায় জনদুর্ভোগ তৈরি হচ্ছে।

/এমআর/