শ্রমিক অসন্তোষ

মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী, বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর
প্রধানমন্ত্রী তারেক রহমান

তৈরি পোশাক খাতের চলমান শ্রমিক অসন্তোষ ও উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় ঠিক করতে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিজের কার্যালয়ে ডেকেছেন তিনি। রবিবার (১ নভেম্বর) মাগরিবের নামাজের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীসহ ৬-৭ জন মন্ত্রী ও উপদেষ্টাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

এদিকে পোশাকশ্রমিকদের টানা আন্দোলন ও অসন্তোষজনক পরিস্থিতির কারণে নিজের পূর্বনির্ধারিত সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্বিবেচনার জন্য আনুষ্ঠানিকভাবে মজুরি বোর্ড গঠন করে সরকার। জানা গেছে, শ্রমিক অসন্তোষ দ্রুত নিরসনে দুই দিন আগেই সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে শ্রম মন্ত্রণালয় শ্রমিক প্রতিনিধির নাম সময়মতো না পাওয়ায় মজুরি বোর্ড গঠনে কিছুটা বিলম্ব হয়।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কয়েক দিন ধরেই রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলগুলোতে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকেরা। রবিবার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে দুপুর ১২টার দিকে সেখানে পুলিশ ও আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একই দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকাতেও সড়কে নামেন শ্রমিকরা।

/এমএকে/