সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে সৌদি আরবে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত এলাকা বা স্থাপনা এবং সংবেদনশীল কোনো ঘটনা বা বিষয়ের ছবি তোলা ও ভিডিও ধারণ করা যাবে না। এ ছাড়া অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও ধারণ থেকেও বিরত থাকতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার পরিপন্থী কোনো বিষয়বস্তু প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান না করার জন্য বলা হয়েছে। এমন কনটেন্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

দূতাবাস ও ডিপ্লোমেটিক কোয়ার্টার এলাকায় চলাচলের ক্ষেত্রেও নির্দেশনা দিয়েছে দূতাবাস। দূতাবাসের ভেতরে, বাইরে বা আশপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা নিষিদ্ধ বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব নির্দেশনা অমান্য করা সৌদি আরবের স্থানীয় আইনে দণ্ডনীয় অপরাধ।

/টিই/