মার্কিন ভিসাপ্রার্থী বিদেশি সাংবাদিকদের সামাজিকমাধ্যমের প্রোফাইল যাচাই শুরু

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মার্কিন ভিসাপ্রার্থী বিদেশি সাংবাদিকদের সামাজিকমাধ্যমের প্রোফাইল যাচাই শুরু

পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বিদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নতুন নিয়ম করেছে ওয়াশিংটন। এখন থেকে ভিসা আবেদন প্রক্রিয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রোফাইল ‘পাবলিক’ বা উন্মুক্ত রাখার বাধ্যবাধকতা এনে নতুন একটি নীতি কার্যকর করেছে মার্কিন সরকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে এ নিয়ম কার্যকর হয়েছে। যদিও ১৮ সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ নীতির ঘোষণা দিয়েছিল ।

মূলত পেশাগত দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য সাংবাদিকদের যে ‘আই’ ভিসা দেওয়া হয়, সেটির ক্ষেত্রেই এ নীতি প্রযোজ্য। পাশাপাশি টিডি এবং টিএন অ-অভিবাসী ভিসার আবেদনকারীদের জন্যও একই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদকর্মীদের এখন থেকে ভিসা প্রক্রিয়া চলাকালে তাদের ফেসবুক, এক্স বা অন্যান্য সামাজিক মাধ্যমের প্রাইভেসি সেটিং ওপেন বা পাবলিক রাখতে হবে, যাতে কর্তৃপক্ষ সহজেই তা যাচাই করতে পারে।

তবে নতুন এ নিয়মের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বেশ কিছু বিষয় পরিষ্কার করা হয়নি। যেমন- আবেদনকারীদের ঠিক কত দিনের পুরোনো অনলাইন কার্যক্রম বা পোস্ট পর্যালোচনা করা হবে, কত দিন পর্যন্ত প্রোফাইল পাবলিক রাখতে হবে কিংবা ঠিক কী ধরনের কনটেন্ট খতিয়ে দেখা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বা বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকেই যুক্তরাষ্ট্র তাদের বেশিরভাগ ভিসাপ্রার্থীর কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ও তথ্য নেওয়া বাধ্যতামূলক করে আসছে। তবে এ নতুন সিদ্ধান্তের ফলে ‘আই’, ‘টিডি’ ও ‘টিএন’ ক্যাটাগরির ভিসাপ্রার্থীরাও পুরোপুরি নিবিড় যাচাই প্রক্রিয়ার আওতায় চলে এলেন। প্রসঙ্গত, টিএন ভিসা মূলত যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির আওতায় সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কানাডা ও মেক্সিকোর পেশাজীবীদের জন্য এবং টিডি ভিসা তাদের স্বামী-স্ত্রী ও নির্ভরশীল সন্তানদের জন্য দেওয়া হয়ে থাকে।

/এমএকে/