মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন
সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের আসন-৩২৩ (মহিলা আসন-২৩) বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ।

পদত্যাগপত্রে তিনি লিখেন, আমি নিম্ন স্বাক্ষরকারী ফেরদৌসী আহমেদ, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অতএব বিনীত প্রার্থনা এই যে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করে পদত্যাগ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।

এর আগে, বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, দল ও সংসদ সদস্য- দুই পদ থেকেই ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন তিনি। আজ বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনপির নীতিনির্ধারকরা জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের ফেরদৌস আহমেদ মিষ্টি কাছে পদত্যাগপত্র জমা দেবেন। একইসঙ্গে বিএনপি থেকেও পদত্যাগ করবেন তিনি। যে কোনো সময় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হতে পারে। আজ পদত্যাগপত্র দেওয়ার সম্ভাবনাই বেশি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

/এসবি/