শিরোনাম

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

তুরস্কের ঐতিহাসিক শহর আনতালিয়ায় আয়োজিত তিন দিনব্যাপী ‘পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে’ অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে একটি বিশেষ ফ্লাইটে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম। তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিকেনের সঙ্গে ড. খলিলুর রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া, পাকিস্তান, গাম্বিয়াসহ ফোরামে অংশ নিতে আসা কয়েকটি দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও খলিলুর রহমানের সাক্ষাতের সুযোগ হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তুরস্কে তিন দিনব্যাপী ফোরামে অংশ নেওয়ার পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাবেন ড. খলিলুর রহমান। সেখানে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতাবিষয়ক (পিসিএ) ফ্রেমওয়া‌র্ক চু‌ক্তি সই অনুষ্ঠা‌নে যোগ দে‌বেন তিনি।

ব্রাসেলস থেকে ফেরার পথে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী ২৪ এ‌প্রিল তার ঢাকা ফেরার কথা রয়েছে।

/জেএইচ/