শিরোনাম

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে ফোনকল, সতর্ক থাকার আহ্বান

সিটিজেন ডেস্ক
প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে ফোনকল, সতর্ক থাকার আহ্বান
ছবি: সিটিজেন গ্রাফিক্স

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকলের ঘটনায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এক সতর্কবার্তায় জানানো হয়, সম্প্রতি একটি মোবাইল নম্বর থেকে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তার কাছে ফোন করা হচ্ছে। এসব ফোনকলে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বার্তায় আরও জানানো হয়েছে, প্রতিমন্ত্রী বা তার দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকল বা ব্যক্তিগত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় না। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ প্রতারণামূলক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একইসঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ধরনের ফোনকল বা প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রতারণামূলক এমন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।

/জেএইচ/