শিরোনাম

নবনির্বাচিত সংসদ সদস্য ও গণভোটের গেজেট প্রকাশ

বিশেষ প্রতিনিধি
নবনির্বাচিত সংসদ সদস্য ও গণভোটের গেজেট প্রকাশ
ফাইল ছবি (সিটিজেন জার্নাল)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে গণভোটের গেজেটও প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং গণভোটের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই গেজেট জারি করেন।

গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা/ স্বামীর নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হয়েছে। এখন সংসদ সদস্য হিসেবে তাদের শপথের আয়োজন করা হবে।

গণভোটের গেজেটের তথ্য অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন। অন্যদিকে ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন। গণভোটে বাতিল করা ব্যালট পেপারের সংখ্যা ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের পর বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। সারা দেশ থেকে আসা বিজয়ীদের চূড়ান্ত তালিকা ঘোষণা শুক্রবার দুপুরে শেষ হয়। ভোটের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হয়নি।

নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট দেখুন এখানে

/এফসি/