শিরোনাম

বিএনপির সারোয়ার আলমগীরকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিএনপির সারোয়ার আলমগীরকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরকে জাতীয় সংসদ সদস্য (এমপি) হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি শপথ নেবেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংসদ সচিবালয় জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৭৯ নম্বর চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত সংসদ সদস্যের নাম ও ঠিকানাসংবলিত প্রজ্ঞাপন ৯ জুলাই বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের মধ্য দিয়ে সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানান তার আইনজীবীরা। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবীরা।

মামলার নথি অনুযায়ী, সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার পর ঋণখেলাপির অভিযোগ তুলে তার বিরুদ্ধে আপিল করেন জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিন। সেই আপিলের পরিপ্রেক্ষিতে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। পরে কমিশনের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। সর্বশেষ বৃহস্পতিবার দেওয়া রায়ে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করায় এমপি হিসেবে দায়িত্ব পালনের পথ পুরোপুরি উন্মুক্ত হলো।

/এমআর/