শেষ মুহূর্তে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেষ মুহূর্তে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
যুব উন্নয়ন অধিদপ্তরের লোগো

যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) রাতে সম্ভাব্য প্রশ্নফাঁসের গুরুতর অভিযোগ সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক পোষ্টে দাবি করা হয়, অধিদপ্তরের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, যিনি নিয়োগ পরীক্ষা কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তার এক আত্মীয়সহ অধিদপ্তরের একটি বড় চক্র এ ঘটনার সঙ্গে জড়িত।

ওই পোষ্টে বলা হয়েছে, প্রার্থীপ্রতি গড়ে প্রায় ২৫ লাখ টাকায় চুক্তি করা হয়েছে। কথিত প্রশ্ন ও উত্তর রাতভর বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের পড়ানো হচ্ছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি আমরা শুনেছি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

/এসবি/