শিরোনাম

চার বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
চার বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
১ এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

দেশব্যাপী পর্যায়ক্রমে আগামী চার বছরের মধ্যে চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই দায়িত্ব বাস্তবায়নের একটি আধুনিক ডিজিটাল উদ্যোগ, যেখানে পরিবারকে উন্নয়নের মূল একক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নারীদের হাতে এই কার্ড দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দেশের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির অভিজ্ঞতায় দেখা গেছে, পরিবারের নারী সদস্যদের কাছে সহায়তা পৌঁছালে তা বেশি কার্যকরভাবে খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও শিক্ষায় ব্যয় হয়। এতে অপচয় কমে এবং পরিবারের সামগ্রিক কল্যাণ নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হলে পরিবারে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও মর্যাদা বাড়বে, যা নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির বর্তমান অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গত ১০ মার্চ দেশের ১৩টি জেলার তিনটি সিটি করপোরেশন ও ১৫টি ইউনিয়নের ওয়ার্ডে এ কর্মসূচি চালু হয়েছে। প্রাথমিকভাবে ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান পরিবারকে এর আওতায় আনা হয়েছে।

চলতি অর্থবছরের বাকি সময়ের মধ্যে আরও ৩০ হাজার পরিবারকে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

/এসএ/