আটকে পড়া প্রবাসীদের জন্য ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আটকে পড়া প্রবাসীদের জন্য ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বুধবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইনটি জানায়, মানবিক দিক বিবেচনায় বিশেষ ব্যবস্থায় ফ্লাইট দুটি পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্ট থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে। একই উড়োজাহাজ দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অপেক্ষারত এক যাত্রী। ছবি: সিটিজেন জার্নাল
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অপেক্ষারত এক যাত্রী। ছবি: সিটিজেন জার্নাল

পরদিন বৃহস্পতিবার দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে। পরে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার পথে যাত্রা করবে।

৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট দুটি পরিচালিত হবে বলে জানিয়েছে ইউএস-বাংলা। ঢাকা-দুবাই ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই-ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৪২।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইউএস-বাংলা ছাড়াও এমিরেটস, এয়ার ইন্ডিয়া-সহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

ছবি: সিটিজেন জার্নাল
ছবি: সিটিজেন জার্নাল

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। পাল্টা হামলার জেরে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান ২৮ ফেব্রুয়ারি তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগে বিঘ্ন ঘটে। অনেক প্রবাসী বিমানবন্দরে আটকা পড়েন; কারও কারও ভিসার মেয়াদ শেষের মুখে পড়ায় উদ্বেগ বাড়ে।

ইউএস-বাংলা জানিয়েছে, যেসব যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

টিকিট-সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলার সেলস সেন্টার বা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে হটলাইন ১৩৬০৫ এবং মোবাইল ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে।

/এসএ/