শিরোনাম

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী
স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভায় কথা বলছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, হাসপাতাল শুধু চিকিৎসা প্রদানের স্থান নয়, এটি মানুষের আস্থার কেন্দ্র। তাই রোগীদের নিরাপদ, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করা জরুরি।

সোমবার (২৭ জুলাই) শের-ই-বাংলা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল, ডিজিটাল স্বাস্থ্যসেবা, জবাবদিহিতা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে হাসপাতাল ব্যবস্থাকে আরো উন্নত করা সম্ভব।

তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। এসব উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সুশাসন ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা গেলে জনগণ আরো দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে।

জহির উদ্দিন স্বপন বলেন, মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে গুরুত্ব দিতে হবে। সরকারের প্রতিটি উদ্যোগে জনগণের কল্যাণ নিশ্চিত করাই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।

সভায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর, অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম এবং শেবাচিমের উপপরিচালক ডা. মো. নাজমুল আহসান বক্তব্য রাখেন।

/এসবি/