শিরোনাম

খলিলুর রহমানের বিজয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিটিজেন ডেস্ক
খলিলুর রহমানের বিজয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২ জুন) রাতে দেওয়া এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, খলিলুর রহমানের এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা, গ্রহণযোগ্যতা ও মর্যাদার স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন বৈশ্বিক পরিসরে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

প্রধানমন্ত্রী বলেন, বহুপক্ষীয় কূটনীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ ও অংশীদারিত্ব জোরদারে খলিলুর রহমান গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একই সঙ্গে তিনি দক্ষতা ও গৌরবের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

অভিনন্দন বার্তায় জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে খলিলুর রহমানের সর্বাত্মক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ ভোট পেয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। এর মাধ্যমে প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের কোনো প্রতিনিধি নির্বাচিত হলেন।

/এমআর/