শিরোনাম

অনলাইনে ভবন নকশা অনুমোদন কার্যক্রম চালুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অনলাইনে ভবন নকশা অনুমোদন কার্যক্রম চালুর নির্দেশ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

আগামী ছয় মাসের মধ্যে দেশের সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদন কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সে লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৈরি সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে নকশা অনুমোদনের কার্যক্রম শুরু করার কথা হয়েছে।

এর আগে, গত ১ জুন সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা–সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

সভার কার্যবিবরণী অনুযায়ী, রাজউকে বর্তমানে ভবন নির্মাণ অনুমোদন প্রক্রিয়া ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে পরিচালিত হচ্ছে। এই সেবার সময়সীমা ২৪ কার্যদিবস নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিট সিস্টেমের (ইসিপিএস) মাধ্যমে রাজউকের প্রকল্পভুক্ত এলাকার ভূমি ব্যবহার ছাড়পত্র শতভাগ অনলাইনে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় এস্টেট ও ভূমি শাখার ব্যবহারকারীদের আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করে নতুন ব্যবস্থা পুরোপুরি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভূমি ব্যবহার ছাড়পত্র গ্রহণে নাগরিকদের সরাসরি অফিসে উপস্থিতির প্রয়োজন কমবে এবং সেবাপ্রাপ্তির সময়ও কমে যাবে বলে আশা করা হচ্ছে।

সভায় আরও জানানো হয়, রাজউকের সেবা সহজীকরণ ও প্রক্রিয়াগত জটিলতা কমানোর লক্ষ্যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত ২৯ এপ্রিল ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রথম সভা গত ১১ মে অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে বিভিন্ন সেবা আরও দ্রুত ও স্বচ্ছ করার বিষয়ে সুপারিশ নিয়ে আলোচনা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মতো দেশের অন্য উন্নয়ন কর্তৃপক্ষকেও ডিজিটাল সেবার আওতায় আনতে হবে। আগামী ছয় মাসের মধ্যে অনলাইনে ভবন নকশা অনুমোদনের প্রক্রিয়া চালু করে নাগরিক সেবা সহজ করার জন্য দেশের সব উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য রাজউকের বিদ্যমান সফটওয়্যার ব্যবহার করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট মতে, অনলাইনে নকশা অনুমোদন ব্যবস্থা চালু হলে আবেদন, যাচাই-বাছাই ও অনুমোদনের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে সেবা পেতে নাগরিকদের সময় ও ব্যয় কমবে এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতাও কমে যাবে।

প্রসঙ্গত, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে সরকারের ১২টি উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে ছয়টি উন্নয়ন কর্তৃপক্ষ। সেগুলো হলো– রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ।

বাকি ছয়টি নতুন। সেগুলো হলো– সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ।

/এফআর/