শিরোনাম

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার ঢাকায় আসছেন আজ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার ঢাকায় আসছেন আজ
স্টিভ কেলার

ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের পর আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার। তার সফরসঙ্গী হিসেবে থাকছে মার্কিন নৌবাহিনীর ২২ সদস্যের একটি প্রতিনিধিদল। এই সফরে তিনি বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে এসব তথ্য জানান ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড।

বিবৃতিতে জানানো হয়, ৪ থেকে ৬ আগস্ট তিন দিন ঢাকা সফর করবেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার। সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারিত্ব, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দূতাবাসের মুখপাত্র।

অ্যাডমিরাল স্টিভ কেলার ২০২৪ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি মধ্যপ্রাচ্যে অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম এবং ইনহেরেন্ট রিজলভসহ মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন সামরিক অভিযানে অংশ নিয়েছেন। এছাড়া বসনিয়া-হার্জেগোভিনা ও লিবিয়াকেন্দ্রিক আন্তর্জাতিক মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই কমান্ডার।

এর আগে গত ৩০ জুলাই তিন দিনের সফরে ঢাকায় আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানসহ একাধিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।

/জেএইচ/