দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী আজ
ছবি: সিটিজেন জার্নাল

আজ ২১ নভেম্বর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং উত্তম চর্চার বিকাশের উদ্দেশ্য নিয়ে ২০০৪ সালের এই দিনে দুর্নীতি দমন ব্যুরো থেকে স্বাধীন কমিশন হিসেবে যাত্রা শুরু করে সংস্থাটি। দেখতে দেখতে ২৩তম বছরে পা রাখল রাষ্ট্রীয় দুর্নীতি দমন ও প্রতিরোধের একমাত্র প্রতিষ্ঠানটি।

২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার দুদকের স্বাধীনতা, কার্যকারিতা এবং ম্যান্ডেট বাড়ানোর লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইনে একাধিক সংশোধনী আনে। সংশোধনীগুলো দুদককে অতিরিক্ত ক্ষমতা প্রদান করে। যেমন সরাসরি আদালতে মামলা দায়েরের ক্ষমতা, দুর্নীতির সংজ্ঞা প্রসারিত করা হয়েছে এবং কমিশনের কার্যক্রমকে সুগম করার জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এই সময়ের মধ্যে, দুদক তদন্ত, প্রসিকিউশন এবং পুনরুদ্ধারের সংখ্যা বৃদ্ধি করে তার কার্যক্রম সম্প্রসারিত করে। কমিশন দুর্নীতির বিষয়ে সচেতনতা বাড়াতে এবং স্বচ্ছতা উন্নীত করতে সুশীল সমাজ , মিডিয়া এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার দিকেও মনোনিবেশ করেছে।

দুদকের কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন বিচারপতি সুলতান হোসেন খান। এরপর যথাক্রমে সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধুরী, গোলাম রহমান, মো. বদিউজ্জামান, ইকবাল মাহমুদ, মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও মোহাম্মদ আবদুল মোমেন। সর্বশেষ দুদক চেয়ারম্যান হিসেবে অবপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া সমন্বয়ে গঠিত কমিশন দায়িত্ব পালন করছেন। নতুন ওই কমিশন দায়িত্ব নিয়েছে মাত্র ৩ মাস আগে।

সে হিসেবে এ পর্যন্ত মোট ৭টি কমিশন দায়িত্ব পালন করে। তবে নানা জটিলতায় মাত্র ৩টি কমিশন পুরো মেয়াদ পূর্ণ করতে পেরেছিল। বাকি ৪ কমিশন মেয়াদ পূর্ণ করার আগে বিদায় নিতে হয়।

দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই। তবে রবিবার (২২ নভেম্বর) অভ্যন্তরীণ মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানিয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান বলেন, সরকারি বিভিন্ন সেবা ও পরিষেবা পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। নাগরিকের সেই অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে দুদক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে প্রত্যেক নাগরিককে সচেতন হওয়ার পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিষয়ে দুদকের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

/জেএইচ/