তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ অন্যরা। ছবি: পিএমও

নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগের মতো বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইউনাইটেড নেশনস প্লাজায় তুর্কি হাউসে তারেক-এরদোয়ান বৈঠক হয়। পরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রধানমন্ত্রীর সারা দিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করতে এসে ওই বৈঠকের বিষয়ে কথা বলেন হুমায়ুন কবির।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

হুমায়ুন কবির বলেন, প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে একজন মূল্যবান ভাই হিসেবে বর্ণনা করেছেন। তিনি বিশেষভাবে বলেছেন যে, তুরস্ক সরকার বাংলাদেশের সঙ্গে একটি বিস্তৃত অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে চায়।

নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। ছবি: পিএমও
নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। ছবি: পিএমও

তিনি বলেন, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ খাত, প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রতিরক্ষা বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক বহুপক্ষীয় প্ল্যাটফর্মে সাধারণ অবস্থান নেওয়া এবং কিছু নির্দিষ্ট মানবিক ইস্যুতে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। এটি অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক ছিল এবং দুই নেতাই খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেছেন। উভয় নেতাই ভবিষ্যতে একটি বিশেষ দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনের ওপর জোর দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। সেই সঙ্গে তাকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানিয়েছেন।

/এফসি/