সাবেক মন্ত্রী মোজাম্মেলের ফোনালাপ ফাঁস, ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাবেক মন্ত্রী মোজাম্মেলের ফোনালাপ ফাঁস, ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

হঠাৎ করেই দেশজুড়ে শুরু হয়েছে জ্বালাও-পোড়াও পরিস্থিতি। আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন মহলের দাবি, এটা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার এর একটি প্রমাণও হাজির করেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি নিজের ভেরফায়েড ফেসবুক পেজে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ফোনালাপের একটি অডিও প্রকাশ করেছেন। সেখানে আ ক ম মোজাম্মেল আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার নির্দেশ দিয়েছেন।

জুলকারনাইন সায়ের তার ফেসবুক পেজে অডিওটি পোস্ট করেছেন গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টা ২৩ মিনিটে। ওই পোস্টে তিনি জানিয়েছেন, ১৫ নভেম্বর একটি ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে তাদের নেতাকর্মীদের নানা নির্দেশনা দেন। তিনি লিখেছেন, ‘বৈঠকের অডিও রেকর্ড আমার হাতে এসেছে, যা এখানে সংযুক্ত করা হলো।’

রেকর্ডে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি করে বাড়িতে আগুন দিতে হবে। এ সময় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর শারীরিক নির্যাতন, এমনকি প্রয়োজনে হত্যার কথাও বলেন তিনি। এ সময় ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে গালাগাল করতেও শোনা যায়।

অডিওতে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, ‘এখনো সময় শেষ হয়ে যায়নি। ১৯ তারিখে আমাদের যে কর্মসূচি লকডাউন, হরতাল। ১৯ তারিখে যদি প্রত্যেকে একটা ইউনিয়নে দুইটা তিনটা করে বাড়ি পুড়িয়ে দিতে পারে...বুঝুক আওয়ামী লীগরা পাল্টা আক্রমণ শুরু করেছে।’ মোজাম্মেল হক আরও বলেন, ‘দুইটা লোকেরা...বিএনপি পাইলে আর ১০ জন বইসা থাকে...দুইটা চারটা হসপিটালে পাঠান। দরকার হলে মইরা যায় যাগগা। এরকম কিছু কাণ্ড করলে ওরা ভয় পাবে।’

সাবেক ওই মন্ত্রী বলেন, ‘কোমরে গামছা বাঁধেন। .... লাঠি আছে, চেন আছে, দা আছে নাইমা পড়েন, হরতাল সফল করেন। তারপর তো আমরা লাগাতার ৩১ তারিখ পর্যন্ত হরতাল দেবো। ওদেরকে ৩০ তারিখের মধ্যে ক্ষমতার থেকে উৎখাত করতে হবে।’

জুলকারনাইন সায়ের তার পোস্টে বলেন, ‘ভারতে আশ্রয় নেওয়া পলাতক আওয়ামী লীগ নেতারা সে দেশের মাটিতে বসে বাংলাদেশে অগ্নিসংযোগ ও হত্যার নির্দেশ দিচ্ছেন— বাংলাদেশ সরকারের উচিত বিষয়টি অবিলম্বে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে তোলা এবং জানতে চাওয়া, তাদের ভূখণ্ড থেকে প্রতিবেশী দেশের বিরুদ্ধে এমন প্রতিহিংসামূলক ধ্বংসাত্মক অপতৎপরতা চালানোর সুযোগ তারা কীভাবে দিচ্ছে।’

/আরএ/