শিরোনাম

অনুমোদন ছাড়া ২৫ বার বিদেশ ভ্রমণ, কাস্টমস কর্মকর্তা আইয়ুব বরখাস্ত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
অনুমোদন ছাড়া ২৫ বার বিদেশ ভ্রমণ, কাস্টমস কর্মকর্তা আইয়ুব বরখাস্ত
ছবি: সিজেডএন গ্রাফিক্স

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া একাধিক পাসপোর্ট ব্যবহার করে ২৫ বার বিদেশ ভ্রমণ করায় কাস্টমসের সহকারী কমিশনার মো. আইয়ুবকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

এর আগে অর্থ পাচারের অভিযোগে গাজীপুর ভ্যাট কমিশনারেট থেকে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে আইআরডিতে সংযুক্ত করা হয়।

সোমবার (সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, একজন সরকারি কর্মচারি হয়েও একাধিক পাসপোর্ট ব্যবহার করে মো. আইয়ুব যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভারত, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় ভ্রমণ করেছেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এসব দেশ ভ্রমণ করেন।

এছাড়া অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ উত্থাপিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

জানা গেছে, ওই সময়ের মধ্যে মো. আইয়ুব ৩টি পাসপোর্ট ব্যবহার করে ৬ দেশে মোট ২৫ বার ভ্রমণে গেছেন। এর মধ্যে একটি পাসপোর্টে পেশা হিসেবে ‘প্রাইভেট সার্ভিস’ উল্লেখ করেন তিনি। যদিও সরকারি কর্মকর্তাদের জন্য পৃথক পাসপোর্ট রয়েছে।

এসব পাসপোর্ট ব্যবহার করে তিনি ভারতে ১২ বার, থাইল্যান্ডে ৭ বার, সংযুক্ত আরব আমিরাতে ২ বার, চীনে ২ বার এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরে একবার করে ভ্রমণ করেছেন। প্রাথমিকভাবে তথ্যের সত্যতা পাওয়া গেছে। এজন্য গত ২৭ আগস্ট তাকে আইআরডিতে ওএসডি করা হয়।

/জেএইচ/