শিরোনাম

স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন করার আহ্বান মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন করার আহ্বান মন্ত্রীর
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

স্থানীয় সরকার নির্বাচনে যেন শিক্ষকরা অংশগ্রহণ না করতে পারে– সেজন্য নির্বাচন কমিশনকে একটি আইন তৈরি করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমি দেখেছি, অনেক শিক্ষক জয়েন করেন। কতজন হতে পারলো, সেটা আমি বলছি না। কিন্তু যারা অংশ নেন, সেটা বিগ নম্বর। এতে ক্লাসরুমের শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়।

এসময় স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হতে চাইলে শিক্ষকদের চাকরি ছাড়তে হবে।

তিনি আরও বলেন, আমরা শিক্ষকদের প্রশিক্ষণ এবং তাদের উন্নয়নের জন্য যে বিনিয়োগগুলো করছি, এগুলো যেন সঠিকভাবে হয় এবং আমরা যেন আগামী দিনে সুন্দর জাতি গঠন করতে পারি। একইসঙ্গে আমাদের প্রধানমন্ত্রী যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন, এটার সার্থকতা আমরা যেন সবাই সফল করতে পারি।

শিক্ষকদের জাতির জন্য সর্বোচ্চ অবদান রাখার আহ্বান জানিয়ে আ ন ম এহসানুল হক মিলন বলেন, আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং আপনাদের অবদান এই জাতির জন্য সর্বোচ্চ হতে হবে। কারণ যেকোনো মূল্যের বিনিময়ে আগামীর বাংলাদেশ আমাদের গড়তে হবে।

/এফআর/