শিরোনাম

পদত্যাগের পরও যেসব সুবিধা পান সাবেক রাষ্ট্রপতি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পদত্যাগের পরও যেসব সুবিধা পান সাবেক রাষ্ট্রপতি
সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। শুক্রবার বিকালে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা বলেছেন।

আইন অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করার পরও সরকারিভাবে বেশ কিছু সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতিরা আমৃত্যু মাসিক অবসরভাতা, চিকিৎসা সুবিধা ও প্রটোকল পান।

‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬’ এর ৪২ নম্বর আইন অনুযায়ী, অন্তত ছয় মাস দায়িত্ব পালন শেষে মেয়াদ শেষ করা বা পদত্যাগ করা ব্যক্তিরা এসব সুবিধা পান।

এর মধ্যে মাসিক পেনশন হিসেবে একজন সাবেক রাষ্ট্রপতি তার শেষ বেতনের ৭৫ শতাংশ অর্থাৎ প্রতি মাসে ৯০ হাজার টাকা অবসরভাতা পান (বেতন ১ লাখ ২০ হাজার টাকা ধরে)।

সাবেক রাষ্ট্রপতিদের মাসিক ভাতার পরিবর্তে চাইলে এককালীন আনুতোষিক নেওয়ারও সুযোগ থাকে। সে ক্ষেত্রে অবসরের এক মাসের মধ্যে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

তবে সাবেক রাষ্ট্রপতি অবসরভাতা না নিয়ে মারা গেলে তিনি আনুতোষিক পাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন বলে ধরা হয়। সে ক্ষেত্রে তার মনোনীত ব্যক্তি বা তার উত্তরসূরিরা (স্ত্রী বা স্বামী, পিতা, মাতা, পুত্র বা কন্যা) আমৃত্যু এই আনুতোষিক প্রাপ্য হন।

সাবেক রাষ্ট্রপতিরা কিছু প্রাতিষ্ঠানিক ও প্রটোকল সুবিধাও পান। যেমন দাপ্তরিক ও ব্যক্তিগত কাজের সহায়তার জন্য সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী (পিএ) এবং একজন সাহায্যকারী (অ্যাটেন্ডেন্ট) পেয়ে থাকেন। সরকার নির্ধারিত দাপ্তরিক খরচও পান তিনি।

সাবেক রাষ্ট্রপতি একজন মন্ত্রীর সমপরিমাণ সরকারি চিকিৎসা সুবিধাও পান।

এছাড়া একটি কূটনৈতিক পাসপোর্ট, বাসস্থলে টেলিফোন সংযোগ ও নির্ধারিত বিল ছাড়, দেশের ভেতরে ভ্রমণে সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধা এবং সরকারি অনুষ্ঠানে ব্যবহারের জন্য সরকারি যানবাহন পান সাবেক রাষ্ট্রপতিরা।

/টিই/