শিরোনাম

সংবিধান সংশোধনে হচ্ছে সংসদীয় বিশেষ কমিটি

সিটিজেন ডেস্ক
সংবিধান সংশোধনে হচ্ছে সংসদীয় বিশেষ কমিটি
জাতীয় সংসদ অধিবেশন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটি গঠনের চূড়ান্ত দায়িত্ব দেওয়া হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে।

মঙ্গলবার (৩১ মার্চ) এ বিষয়ে সরকারি দল এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা দীর্ঘ দুই ঘণ্টা আলোচনা করেন।

বিতর্ক ও আলোচনার শেষ পর্যায়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান স্পিকারকে এই বিশেষ কমিটি গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দেন। এর আগে আলোচনার সূত্রপাত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই প্রস্তাব নীতিগতভাবে গ্রহণ করেন। তবে কমিটিতে সদস্য সংখ্যার অনুপাত নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে মতানৈক্য দেখা দেয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানালেও কমিটিতে সরকারি ও বিরোধী দলের সমানসংখ্যক (৫০-৫০) সদস্য রাখার জোর দাবি জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তার এই প্রস্তাবে দ্বিমত জানিয়ে আইনমন্ত্রী স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি একটি কমিটি গঠন করুন। সংসদ একটি কমিটি গঠন করুক, যেখানে আমরা সবকিছু বিশদভাবে বিশ্লেষণ করে জুলাই সনদের পথ অনুসরণ করে এমন একটি সংশোধনী আনব, যা দেশের জন্য কল্যাণকর হবে।

/টিই/