শিরোনাম

সাত দিনে ১৩টি গার্মেন্টস বন্ধ, ইসলামী আন্দোলনের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাত দিনে ১৩টি গার্মেন্টস বন্ধ, ইসলামী আন্দোলনের উদ্বেগ
ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রতীক

গত এক সপ্তাহে ১৩টি পোশাক কারখানা বন্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বিবৃতিতে তিনি বলেন, গাজীপুর দেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র। এ অঞ্চলের পোশাক কারখানাগুলোয় লাখো শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। সেখানে একের পর এক কারখানা বন্ধ হওয়া দেশের উৎপাদন, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতির জন্য উদ্বেগের বিষয়।

গাজী আতাউর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বন্ধ হওয়া কারখানাগুলোর পেছনে কাঁচামালের মূল্য বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুতের সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়ার মতো কারণ সামনে এসেছে। এর পাশাপাশি বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের প্রভাবও রয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বন্ধ হওয়া ১৩টি কারখানার মধ্যে কয়েকটি শ্রমিক অসন্তোষের কারণেও বন্ধ হয়েছে। তবে এর বাইরে অন্য কোনো দুরভিসন্ধিমূলক কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা উচিত।

সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, বন্ধ হওয়া কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও সরকারের উদ্যোগে করা প্রয়োজন।

/এসবি/