শিরোনাম

সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতি-সংক্রান্ত একটি রিট পিটিশনের বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সম্প্রতি রায় দিয়েছেন। দীর্ঘদিন বিচারাধীন থাকায় পদোন্নতির কার্যক্রম স্থগিত ছিল। তবে মামলার নিষ্পত্তি হওয়ায় এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্য প্রধান শিক্ষক পদ পদোন্নতির মাধ্যমে পূরণের পথ সুগম হয়েছে।

তিনি জানান, আগের নিয়োগ বিধিমালায় প্রধান শিক্ষক পদের ৬৫ শতাংশ পদ সহকারী শিক্ষকদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতো। কিন্তু নতুন নিয়োগ বিধিমালায় সেই হার বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, নতুন বিধিমালা কার্যকর থাকলেও আদালতে মামলা চলমান থাকায় এতদিন পদোন্নতি কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন আইনি জটিলতা দূর হওয়ায় নতুন বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ শূন্য পদ পদোন্নতির মাধ্যমে পূরণের কার্যক্রম দ্রুত শুরু করা হবে।

/এমআর/