শিরোনাম

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে বিশেষ সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে বিশেষ সংসদীয় কমিটি
জাতীয় সংসদ ভবন। ছবি: সিটিজেন জার্নাল

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই ও পর্যালোচনার জন্য বিশেষ সংসদীয় কমিটিতে পাঠিয়েছে জাতীয় সংসদ।

রবিবার (১৫ মার্চ) সংসদের অধিবেশনে এসব অধ্যাদেশ পর্যালোচনার জন্য কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, অধ্যাদেশগুলো ইতিমধ্যে সংসদে উপস্থাপিত হয়েছে। এখন এগুলোর বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

আইনমন্ত্রী জানান, চলতি সংসদ অধিবেশনের প্রথম বৈঠকেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তিনি প্রস্তাব করেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও পর্যালোচনার জন্য ওই কমিটির কাছে পাঠানো হোক।

তিনি আরও বলেন, যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করে আগামী ২ এপ্রিলের মধ্যে কমিটিকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া যেতে পারে।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। এর ফলে ১৩৩টি অধ্যাদেশ আনুষ্ঠানিকভাবে বিশেষ সংসদীয় কমিটিতে পাঠানো হলো।

সংসদীয় এই কমিটিকে প্রতিটি অধ্যাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

/এসএ/