বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, আবেদন শুরু আজ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, আবেদন শুরু আজ
প্রতীকী ছবি

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদন শুরু হচ্ছে আজ শুক্রবার (৬ নভেম্বর) থেকে।

সম্প্রতি বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।

আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। এ ছাড়া ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে আগামী ৮ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে (https://employee.oep.gov.bd/employee/registration) আবেদন করা যাবে।

প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। পরে কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বোয়েসেল জানিয়েছে, নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

/এফআর/