শিরোনাম

তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুর্জা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুর্জা
কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুর্জা। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

নেপালি বংশোদ্ভূত কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুর্জা আর নেই। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ শৃঙ্গ ব্রড পিকে এক ভয়াবহ তুষারধসে প্রাণ হারিয়েছেন তিনি। তার পরিচালিত অভিযাত্রী সংস্থা ‘এলিট এক্সপেড’ সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় এ খবর নিশ্চিত করেছে।

এ দুর্ঘটনায় তার অত্যন্ত ভরসাযোগ্য গাইড পুর বাহাদুর গুরুং (যুক্তা) এবং নিমা শেরপাসহ দলের ছয়জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) ২১,৬০০ থেকে ২১,৮৫০ ফুট উচ্চতায় ব্রড পিকের পশ্চিম শৈলশিরা পথে তুষারধসের কবলে পড়ার পর থেকে তারা নিখোঁজ ছিলেন।

ব্রিটেনের গোর্খা ব্রিগেড এবং এলিট স্পেশাল বোট সার্ভিস (এসবিএস)-এর প্রাক্তন সদস্য নির্মল সেনাবাহিনী ছেড়ে পর্বতারোহণকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ২০১৯ সালে তার আলোচিত ‘প্রজেক্ট পসিবল’-এর অধীনে মাত্র ছয় মাস ছয় দিনে পৃথিবীর ৮ হাজার মিটারের চেয়ে উঁচু ১৪টি পর্বত জয় করে তিনি ইতিহাস গড়েছিলেন। এরপর ২০২১ সালে তার নেতৃত্বেই ১০ জন নেপালি পর্বতারোহীর একটি দল চরম প্রতিকূলতা ডিঙিয়ে প্রথমবারের মতো শীতকালে কে২ পর্বত জয়ের বিশ্বরেকর্ড গড়ে। পরবর্তীতে নেটফ্লিক্সের জনপ্রিয় তথ্যচিত্র ‘১৪ পিকস: নথিং ইজ ইমপসিবল’-এর মাধ্যমে তার এই রোমাঞ্চকর জীবন ও সাফল্য বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে পৌঁছায়।

কেবল পর্বত জয় নয়, নির্মল গড়ে তুলেছিলেন ‘নিমসদাই ফাউন্ডেশন’ ও ‘স্কাইডাইভ নিমসদাই’ এর মতো নানা উদ্যোগ। তিনি মানুষকে শিখিয়েছিলেন কীভাবে নিজের সীমাবদ্ধতাকে পেছনে ফেলে বড় স্বপ্ন দেখতে হয়। পর্বতারোহণ জগতের এক সত্যিকারের নায়ককে হারাল বিশ্ব, যিনি সাহস আর নম্রতার অনন্য প্রতীক ছিলেন। শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে। শারীরিকভাবে বিদায় নিলেও, লক্ষ লক্ষ মানুষকে নিজের ভেতরের পাহাড় জয়ে অনুপ্রাণিত করার যে উত্তরাধিকার তিনি রেখে গেছেন, তা চিরকাল বেঁচে থাকবে।

সূত্র: এনডিটিভি

/এমএকে/