শিরোনাম

কাশ্মির সমস্যার স্থায়ী সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি অসম্ভব: শেহবাজ শরিফ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কাশ্মির সমস্যার স্থায়ী সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি অসম্ভব: শেহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা ও কাশ্মিরিদের আকাঙ্ক্ষা অনুযায়ী বিরোধের স্থায়ী সমাধান না হলে দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফেরানো সম্ভব নয় বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রবিবার (৬ সেপ্টেম্বর) দেশটির ৬১তম ‘প্রতিরক্ষা ও শহীদ দিবস’ উপলক্ষে জাতীয় সম্প্রচারমাধ্যম ‘রেডিও পাকিস্তান’-এ সম্প্রচারিত এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ভাষণে কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহর উদ্ধৃতি দিয়ে শেহবাজ শরিফ বলেন, কাশ্মির হলো পাকিস্তানের ‘জীবনরেখা’। তবে এ অঞ্চল ঘিরে ভারতের নিন্দনীয় ভূমিকা ও অব্যাহত অনমনীয় মনোভাবই মূলত দক্ষিণ এশিয়ার দীর্ঘস্থায়ী শান্তি, উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির পথ আটকে রেখেছে।

প্রধানমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনীতি জোরদার, রাজনৈতিক স্থায়িত্ব এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার শক্ত পদক্ষেপ নিয়ে যাচ্ছে। সেই সঙ্গে নিজ সীমানার বাইরে গিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান তার ‘সক্রিয় ও গঠনমূলক’ ভূমিকা চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

একই দিনে পৃথক এক বার্তায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ফেরাতে জাতিসংঘের মূলনীতি মেনে জম্মু ও কাশ্মীর সমস্যার শান্তিরূপ সমাধানের আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন, নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে কাশ্মিরি জনগণের পক্ষে পাকিস্তানের নীতিগত, কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন সবসময় অব্যাহত থাকবে।

সূত্র: ডন

/এমএকে/