শিরোনাম

জ্বালানি সংকটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে আগুন

সিটিজেন ডেস্ক
জ্বালানি সংকটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে আগুন
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার জিলংয়ে অবস্থিত ভিভা এনার্জি তেল শোধনাগারে যান্ত্রিক ত্রুটির কারণে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ফায়ার রেসকিউ ভিক্টোরিয়ার ডেপুটি কমিশনার মিশেল কাউলিং এবিসি নিউজকে জানান, যান্ত্রিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল, তবে বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও নিশ্চিত করেছেন, শোধনাগারটিতে আগুন লাগলেও এর ফলে ডিজেল, গ্যাসোলিন বা পেট্রোলিয়াম উৎপাদনে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ফলে দেশটির বর্তমান অস্থিতিশীল জ্বালানি পরিস্থিতিতে এ ঘটনা বাড়তি কোনো চাপ সৃষ্টি করবে না বলে আশ্বস্ত করেন তিনি।

তবে জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন বিষয়টিকে কিছুটা গুরুত্বের সঙ্গেই দেখছেন। তিনি জানান, উৎপাদন প্রক্রিয়া কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা না গেলেও এটি কোনো ইতিবাচক খবর নয়। এর প্রভাব অবশ্যই পড়বে।

ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক তেল সংকটের মাঝে অস্ট্রেলিয়ার এ শোধনাগারে অগ্নিকাণ্ড নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়া তাদের প্রয়োজনীয় পরিশোধিত জ্বালানির ৮০ শতাংশেরও বেশি বিদেশ থেকে আমদানি করে। আমদানির বড় অংশ দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে হরমুজ প্রণালির মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে আসে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/