শিরোনাম

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভানুয়াতু

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভানুয়াতু
প্রতীকী ছবি

লাতিন আমেরিকার কলম্বিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়ার পর এবার কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। রবিবার (১৬ আগস্ট) দেশটির উপকূলীয় এলাকায় ৬ দশমিক ১ মাত্রার এক শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পটির গভীরতা নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যে সামান্য পার্থক্য রয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১৫৫ কিলোমিটার গভীরে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি পোর্ট ওলরি শহরের প্রায় ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ১৮৮ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছিল।

ভূমিকম্পের তীব্রতা বেশি হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ বা প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কোনো সুনামি সতর্কবার্তাও জারি করেনি। ভৌগোলিক অবস্থানের কারণে ভানুয়াতু প্রশান্ত মহাসাগরের বিপজ্জনক ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ে অবস্থিত। ফলে দেশটি ভূমিকম্পের জন্য অত্যন্ত সংবেদনশীল।

ভানুয়াতুর এ কম্পনের আগে শনিবার (১৫ আগস্ট) ভোরে ইন্দোনেশিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ঘটে এবং এরপর সেখানে কয়েকশ আফটারশক অনুভূত হয়।

অন্যদিকে, সোমবার (১০ আগস্ট) কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় কালি ও পেরেইরাসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। সেখানে বহুতল ভবন ও রাস্তাঘাট ধ্বসে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন চার হাজারের মতো মানুষ এবং এখনো নিখোঁজ রয়েছে শতাধিক।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/