শিরোনাম

চীনগামী ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র

চীনগামী ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র
ভারত মহাসাগরে চীনগামী তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র। ছবি: বিবিসি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ‘কোয়ারেন্টাইন’ (নিষেধাজ্ঞা) অমান্য করে ভেনেজুয়েলার তেল পরিবহনের কারণে ভারত মহাসাগরে একটি বিশাল ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জাহাজটির নাম অ্যাকুইলা ২। এটি ভেনেজুয়েলা থেকে চীনের বন্দরের দিকে যাচ্ছিল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যারিবিয়ান সাগর থেকেই অ্যাকুইলা ২-কে অনুসরণ করছিল মার্কিন নৌবাহিনী।

এক্সপোস্টে পিট হেগসেথ বলেন, ‘যখন যুদ্ধ বিভাগ (যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়) কোয়ারেন্টাইনের ব্যাপারে বলে, তখন তা যথার্থভাবেই বলে। সোমবার ভারত মহাসগর অঞ্চলে রাতব্যাপী অভিযান চালিয়ে অ্যাকুইলা ২ নামের একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় পড়া ভেনেজুয়েলার ট্যাংকার জাহাজগুলোকে কোয়ারেন্টাইন অবস্থায় থাকার নির্দেশ দিয়েছিলেন। অ্যাকুইলা সেই নির্দেশ অমান্য করে এগিয়ে যাচ্ছিল। মার্কিন নৌবাহিনী অ্যাকুইলাকে অনুসরণ করে যাচ্ছিল এবং উপযুক্ত সময়ে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়েছে ‘

তিনি আরও লেখেন, ‘এই পৃথিবীতে এমন কোনো দেশ নেই, এমন কোনো জাতি নেই যারা যেকোনো ক্ষেত্রে নিজেদের ইচ্ছার বাস্তবায়ন ঘটাতে পারে। আকাশপথ হোক, স্থলপথ হোক কিংবা জলপথ, আমাদের প্রতিরক্ষা বাহিনী আপনাদের খুঁজে বের করবে এবং আপনার সঙ্গে ন্যায়বিচার করবে। আমাদের ছাড়িয়ে যাওয়ার অনেক আগেই আপনার জ্বালানি ফুরিয়ে যাবে।’

সবশেষ তিনি লেখেন, ‘যারা মার্কিন শক্তিকে তাচ্ছিল্য করে এবং বৈশ্বিক সামুদ্রিক অঞ্চলে নিজেদের অধিকারের অপব্যবহার করে, তাদের প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় সবসময় নেতিবাচক।’

/জেএইচ/